যাহা অসুন্দর, মনুষ্য চিত্তের উপরে তাহার শক্তি অল্প।”- ব্যাখ্যা কর
যাহা অসুন্দর, মনুষ্য চিত্তের উপরে তাহার শক্তি অল্প।”- ব্যাখ্যা কর
উত্তর : বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন সার্থক গদ্যশিল্পী। তিনি বাংলা গদ্য সাহিত্যকে আপন প্রতিভাবলে অতি উঁচু আসনে অধিষ্ঠিত করেছেন।
বঙ্কিম প্রতিভার অন্যতম দিক হলো মননশীল ও চিন্তাধর্মী অতি উঁচুমানের প্রবন্ধ রচনায় ভাষারীতি ও বিষয়বস্তু দুটোতেই তিনি সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। বঙ্কিম বিরচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ হলো ‘বিবিধ প্রবন্ধ” ।
বিবিধ প্রবন্ধ' গ্রন্থের ভাষাবিষয়ক অন্যতম প্রবন্ধ “বাঙ্গালা ভাষা" প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের নিপুণ প্রতিভার শিল্পভাষ্য। যে ভাষা সকলে বুঝতে পারে সেই প্রচলিত শব্দের সমন্বয়ে গঠিত ভাষাই প্রকৃত ভাষা এবং এই ভাষাতেই সাহিত্য রচনা করা উচিত। সাহিত্য রচনার ভাব সৌন্দর্যের ব্যাপারে প্রাবন্ধিক তার অভিমত আলোচ্য বাক্যে তুলে ধরেছেন।
রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন সরলতা ও স্পষ্টতা। যে রচনা সকলেই বুঝতে পারে এবং পড়া মাত্রই যার অর্থ বোধগম্য হয় তাই সর্বোৎকৃষ্ট রচনা। ভাষার সরলতা ও স্পষ্টতার সাথে সৌন্দর্য থাকা আবশ্যক। অনেক রচনার মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য।
সৌন্দর্যের স্থলে শব্দের একটু অসাধারণতা সহ্য করতে হয়। প্রথমে দেখা করা দরকার লেখক যা বলতে চান কোন ভাষায় তা সর্বাপেক্ষা পরিষ্কাররূপে ব্যক্ত করা সম্ভব। যদি সরল প্রচলিত কথাবার্তার ভাষায় তা সর্বাপেক্ষা সুস্পষ্ট ও সুন্দর হয় তবে উচ্চ ভাষার দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই।
যদি এক্ষেত্রে টেকচাদী ভাষায় সকলের অপেক্ষা কার্যসুসিদ্ধ হয়, তবে তাই ব্যবহার করা উচিত। যদি তদপেক্ষা বিদ্যাসাগর বা ভূদেববাবু প্রদর্শিত সংস্কৃতবহুল ভাষায় ভাবের অধিক স্পষ্টতা এবং সৌন্দর্য হয় তবে কথ্য ভাষা ত্যাগ করে ওই ভাষাই গ্রহণ করা প্রয়োজন।
যদি তাতেও কাজ না হয় তবে আরো উপরে উঠা যাবে। বলবার কথাগুলো সুন্দরভাবে বলতে হবে যতটুকু বলবার আছে সবটুকু বলবে। ইংরেজি, ফারসি, আরবি, সংস্কৃত আঞ্চলিক যে ভাষার প্রয়োজন তা গ্রহণ করতে হবে। অশীল ভিন্ন সব শব্দই গ্রহণ করা যাবে। লেখকের ভাষায়-
“বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা ও সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। যাহা অসুন্দর, মনুষ্য চিত্তের উপরে তাহার শক্তি অল্প।"
সবশেষে বলা যায়, ভাষা সুন্দর হওয়া উচিত। ভাষা অসুন্দর হলে চলবে না। মানুষ সুন্দরের পূজারি। সুন্দরের জয় সর্বত্র। অসুন্দরকে সকলেই ঘৃণা করে। কেউ ভালোবাসে না। সুতরাং সাহিত্যের ভাষা যা অসুন্দর তা মানুষের মনের উপর প্রভাব বিস্তার করতে অক্ষম।
.png)