সৌন্দর্যের সম্বন্ধ' প্রবন্ধ অনুসারে আলোচনা কর


সৌন্দর্যের সম্বন্ধ' প্রবন্ধ অনুসারে আলোচনা কর

উত্তর : নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সকল শাখায় সুদৃঢ় পদচারণা রেখেছেন। 

কাব্য, উপন্যাস, নাটক ও ছোট গল্পের ন্যায় প্রবন্ধ রচনার ক্ষেত্রেও তিনি অসাধারণ সুখ্যাতি অর্জন করেছেন। 

প্রবন্ধ সাহিত্যে তাঁর চিন্তাশীল ও ভাবুক মনের পরিচয় পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ না পড়লে তাঁর সামাজিক মানবিক দায়বদ্ধতার একটি বিশেষ দিক পাঠকের আড়ালে থেকে যাওয়া স্বাভাবিক। তাঁর 'পঞ্চভূত' প্রবন্ধ সংকলনটি অন্যতম একটি প্রবন্ধ গ্রন্থ। 

'পঞ্চভূত' গ্রন্থের একটি আত্মভাবনিষ্ঠ প্রবন্ধ হলো ‘সৌন্দর্যের সম্বন্ধ’। এ প্রবন্ধটি লেখক কবিত্বপূর্ণ ভাষায় রচনা করেছেন। 

এ প্রবন্ধের শুরুতে দেখা যায়, নৌকায় ভ্রমণকারীরা অদূরের একটি বাড়ি হতে সানাই ও ঢাক-ঢোলের শব্দ শুনতে পায়। বিয়ে বাড়ি মনে করে তাদের মনে বর-বধূ দেখার সুতীব্র বাসনা জাগে। পরক্ষণে জানতে পারে জমিদারের বাড়িতে পূর্ণাহ চলছে। পুর্ণাহ হলো জমিদারি বছরের প্রথম দিন। 

এই দিন প্রজারা জমিদার বাড়িতে খাজনা দিতে আসে। জমিদারের সাথে প্রজা যখন শক্তিতে পারে না, তখন ভাবের সম্পর্ক পাতিয়ে নিজের হীনতার দুঃখকে ঢেকে রাখে। পৃথিবীতে মানুষ যখন আসে তখন প্রকৃতির কাছে মানুষ ছিল অসহায়। 

তাই তারা আগুন, ঝড়-বৃষ্টি, বন্যা সবার কাছে মাথা নত করে ভাবের সম্পর্ক স্থাপন করেছে। মানুষ তাদের সাথে দেবতা পাতিয়ে বসে, তা না হলে মানুষের আবাসভূমি প্রকৃতির সাথে কিছুতেই মিলন হতো না। 

অজ্ঞাত শক্তি প্রকৃতিকে যখন মানুষ ভক্তিভাবে পরিপূর্ণ করে ফেলে তখনই মানুষের মন পৃথিবীর চির গৌরবের সাথে বসবাস করতে পারে। অত্যাচারী জমিদারের সাথে প্রজা যখন পেরে ওঠে না তখন প্রজা তার দেবতা গড়ে হীনতার দুঃখ ভুলবার চেষ্টা করে থাকে। 

পুরুষ যখন অসহায় স্ত্রীর উপর নির্যাতন করতে থাকে, স্ত্রী তখন স্বামীকে দেবতা ভেবে সব কিছু মেনে নিয়ে সংসার করতে থাকে। মানুষ এভাবে ভাবের দ্বারা তার মনের অভাব দূর করার চেষ্টা করে। লেখক বলেছেন-

"যেখানে নিশ্চিত পরাজয় মানতে হয়, সেখানে মানুষ তার নিজের হীনতার দুঃখ দূর করতে ভাবের সম্পর্ক পাতিয়ে নেয়।”

অবশেষে বলা যায়, মানুষ পৃথিবীতে আসে, আবার সময় হলে চলে যায় । কিন্তু যেটুকু সময় পৃথিবীতে অবস্থান করে, তাকে নানা প্রতিকূল অবস্থার মধ্যে টিকে থাকতে হয়। 

নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অপরাজেয় শক্তির কাছে মাথা নত করে এবং তাদের দেবতা ভান করে ভাবের সম্পর্ক পাতায়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ